বন্ধুদের সাথে মাওয়ায় ইলিশ খেয়ে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি হোসেন (২০) সবুজবাগ থানাধীন সবুজকানন এলাকার জজ মিয়ার ছেলে। তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতের নাম ফাহিম (২৬)।
নিহতের খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, রনিরা চার মোটরসাইকেলে মাওয়া গিয়েছিলেন। সেখানে খাওয়া-দাওয়া শেষে ঢাকায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে দু’জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।