তিন ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে সড়ক, ভোগান্তিতে মানুষ

দিনের বিভিন্ন সময়ে থেমে থেমে বৃষ্টির পর সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। রাস্তায় ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত নগরবাসী।

জলাবদ্ধতা ও বৃষ্টিতে ঘরে ফেরা মানুষ পড়েছেন বেকায়দায়। বৃষ্টি ও জলাবদ্ধতা সঙ্গে নিয়েই তাদের ছুটতে হচ্ছে গন্তব্যে। তাছাড়া বৃষ্টির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সড়কে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

 rain2

বৃষ্টিতে মিরপুর, ধানমন্ডি, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বনানী এলাকার সড়ক পানিতে ডুবে গেছে। এছাড়া অন্যান্য সড়কেও জলাবদ্ধতা দেখা গেছে।

সকালে ঢাকাসহ ১৯ অঞ্চলে ভারী বৃষ্টির আভাস দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে শুক্রবার পর্যন্ত মাঝারি ও ভারী বৃষ্টি হবে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain4

শনিবারও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে পর দিন রোববার বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। ফলে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।