যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না: ডিএমপি

মার্কিন ভিসা নীতি পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে গতকাল আমরা যে সংবাদ দেখেছি, তারা বাংলাদেশে ভিসা নীতি কার্যক্রম শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে এই ভিসা নীতি প্রয়োগ করেছে, তার তালিকা আমরা পাইনি।  

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আইন অনুযায়ী কাজ করে। বাংলাদেশে দুই লাখের ওপরে পুলিশ সদস্য রয়েছে। যাদের মধ্যে খুবই নগণ্য সংখ্যক পুলিশ যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখে বা সন্তানদের পাঠানোর চিন্তা করে।

তিনি আরও বলেন, এই ভিসানীতি পুলিশ বাহিনীর ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে না। পুলিশের কাজের গতি কমবে না।

নির্বাচনকালীন পুলিশ সদস্যরা সব সময়ের মত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই কাজ করবে। তাই ভিসা নীতি নিয়ে পুলিশ বাহিনীর কোনো ধরনের শঙ্কায় থাকার সুযোগ নেই বলে জানান তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য রয়েছেন।