প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে তার দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভায় মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রার্থনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞায় সকল ধর্মের মানুষই দেশে সমান সুবিধা পাচ্ছেন।
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সব সময় তার পাশে থাকার প্রতিশ্রুতিও দেন বিশের প্রার্থনায় অংশগ্রহণকারীরা।
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হচ্ছে বৃহস্পতিবার। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করছে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সকাল ৯টায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে (বাসাবো, সবুজবাগ) বৌদ্ধ সম্প্রদায়, সকাল ৯টায় খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭/এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে।