বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিললো ৩৫০০ ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার সন্ধ্যায় তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট ঢাকা অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় অভিযুক্ত মো. জাহেদ হোসেন (২৫) ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস১৫৬ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তিনি জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন।

অভিযুক্ত জাহিদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন- এক হাজার ইয়াবা বহনের জন্য ১০ হাজার টাকা পেতেন তিনি। এবারের চালান পৌঁছে দিতে পারলে তিনি ৪০ হাজার টাকা পেতেন।

yeba1

জাহিদের স্বীকারোক্তির পর উত্তরার একটি ডায়গনস্টিক সেন্টারে নিয়ে তাকে এক্সরে করানো হয়। পরীক্ষায় জাহিদের পাকস্থলীতে ছোট ছোট প্রায় ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার পাকস্থলী থেকে সেগুলো উদ্ধার করে দেখা যায় ৩৫১৮ পিস ইয়াবা বহন করছিলেন তিনি।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, এর আগেও ওই যাত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিলো। সেই মামলায় মাত্র ১০ দিন আগে তিনি জামিন পেয়েছেন। নতুন করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।