রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ওই এলাকার রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. ইব্রাহিম খলিল ইমান (২৭)। তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলার গিয়াসউদ্দিন ও জরিনা বেগমের সন্তান।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ সুনীল চন্দ্র সুত্রধর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক অন্যমনস্ক অবস্থায় রেল লাইনের ওপর বসেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পরে সিআইডির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, পরিবারে জানাতে সংশ্লিষ্ট এলাকার থানায় খবর পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।