শ্যালক-শ্যালিকার মারে প্রাণ গেলো দুলাভাইয়ের

রাজধানীর শান্তিনগরে ভায়রা, শ্যালক ও শ্যালিকার মারধরে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে কাকরাইল শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিস (ট্রাভেলস এজেন্সির) অফিসে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ বাহার (৪৫) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মৃত আলী আহমেদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা থাকতেন তিনি। বাহার ওভারসিসের মালিক এবং এক ছেলের জনক।

নিহতের স্ত্রী জয়নব জানান, বাহার তার এক বন্ধুর কাছ থেকে তারই ছোট বোন ফাতেমার স্বামী জাকিরের জন্য কাতারের ভিসার ব্যবস্থা করে দিয়েছিল। আজ জাকিরের যাওয়ার কথা থাকলে কোনো এক জটিলতায় ফ্লাইট মিস হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা মারধর ও গলা টিপে বাহারকে হত্যা করে।

জয়নব জানান, হামলার পর বাহারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদুল উসমান মাসুম জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।