ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

মৃত কারাবন্দীর নাম মোকাদ্দেস মৃধা ওরফে মোকা (৫০)। তার কয়েদি বন্দি নং ৯২৩৮/এ। মোকাদ্দেস যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন তা জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কারারক্ষীরা মোকাদ্দেসকে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর পৌনে সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।