রাজধানীর মিরপুরের দারুসসালামে বাসের চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হাসান (৩০) সিরাজুল ইসলামের ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী। মিরপুরের শাহআলী এলাকায় পরিবারের সাথে থাকতেন বিপ্লব।
আহত চালক মো. বিল্লালের (৩০) গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। তিনি থাকেন মোহাম্মদপুরে।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর ফরাজি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, বিপ্লব হাসান রাজারবাগ এলাকা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে মিরপুরের শাহআলীবাগে যাওয়ার সময় দারুসসালাম টাওয়ার খালেক পেট্রোল পাম্পের সামনের রাস্তায় দাড়িয়ে থাকা বাসের চাকায় ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দু’জন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বিপ্লব হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সিরাজুল চিকিৎসাধীন।