মেট্রোরেলের হেমায়েতপুর-ভাটারা অংশের নির্মাণ কাজের উদ্বোধন

এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার রাজধানীর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের পর বিকেল সাড়ে তিনটার দিকে হেমায়েতপুর-ভাটারা অংশের নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত এ লাইন হবে ২০ কিলোমিটার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি ও জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরিসহ সরকারের উচ্চ পদের কর্মকর্তা ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা। 

এমআরটি লাইন-৫ (উত্তর রুট) হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, বনানী ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

এই প্রকল্পে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল এবং ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালসহ মোট ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন তৈরি হবে। এর মাঝে যাত্রী ওঠা-নামার জন্য মোট ১৪টি স্টেশন (৯টি পাতাল ও ৫টি উড়াল) থাকবে।

প্রকল্পটির কাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। এ প্রকল্পেও ঋণসহায়তা দিচ্ছে জাইকা।
 

পরে আরামবাগে জনসভায়  ঢাকাবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আজকে আমরা নিয়ে এসেছি মেট্রোরেল। উত্তরাবাসী মাত্র ৪০ মিনিটের মধ্যে মতিঝিল পৌঁছে যাবেন। যানজটে আটকে থাকতে হবে না। এখন আমরা সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ পাতাল রেল করবো। আকাশ রেল আমরা দেখলাম, এখন পাতাল রেল করবো।