পলাশীতে প্রাইভেটকারে আগুন

রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাইভেটকারটি রাস্তার পাশে রাখা ছিলো।

এদিকে রাত ১০টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিক-আপ ভ্যানের পেছনে থাকা একটি সোফায় আগুন দেয় তারা। চালক সোফাটি ফেলে দিয়ে পিক-আপ নিয়ে চলে যান। পরে স্থানীয়রা সোফার আগুন নিভিয়ে ফেলেন।

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের অবরোধ কর্মসূচির মধ্যে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যার পর বাংলামোটর ও পল্লবীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

প্রথম দফায় বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ চলাকালীন রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৩১টি যানে আগুন দেওয়া হয়। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।