রাজধানীর তাঁতিবাজারে বাসে আগুন

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর তাঁতিবাজার মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফয়ার সার্ভিস জানিয়েছে, সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে কাজ করেছে।

প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ পালন করে বিএনপি।

bus1

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসেব বলছে, রোব ও সোমবার সর্বাত্মক অবরোধ চলার সময়ে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ২১টি যানে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি বাস, দুইটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা ও একটি লেগুনা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১১০টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি এবং ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।