ঠিক এক বছর আগে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ঢাকার সিএমএম আদালতের বাইরে থেকে পালালেও তারা দেশেই আছে বলে দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের।
এক বছরেও কেনো তাদের গ্রেপ্তার করা গেলো না এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান জানান, শিগগিরি পলাতক জঙ্গিরা আইনের আওতায় আসবে।
২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে ছিটিয়ে আনসার আল ইসলামের সদস্য মইনুল হাসান শামিম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা।
এরপর থেকে এখন পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে, ছিনতাই করে নেয়া ওই দুই জঙ্গি এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও পলাতকদের বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই। দুই আসামিকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণাও করে পুলিশ। জঙ্গি আবু সিদ্দিক সোহেলকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও ধরা যায়নি তাকে।
সিটিটিসি প্রধান মো: আসাদুজ্জামান বলেন, ছিনতাই হওয়া দুই জঙ্গিকে এখনও ধরতে না পারলেও ঐ ছিনতাই পরিকল্পনার বিভিন্ন স্তরে যারা জড়িত ছিলো তাদের অনেককেই আমরা ধরতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী দ্রুতই ছিনতাই হওয়া জঙ্গিদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।
নির্বাচনকে সামনে রেখে পলাতকরা কোনো ধরনের নাশকতা করতে পারে কি-না, এমন প্রশ্নে জবাবে সিটিটিসি প্রধান বলেন, সেই সক্ষমতা জঙ্গিদের নেই। তবে গোয়েন্দা নজরদারিসহ সাইবার ওর্য়াল্ডে তৎপর রয়েছে তারা।
তবে জঙ্গিরা পালিয়ে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেশিদিন থাকতে পারবে না বলে আশ্বস্ত করেছেন সিটিটিসি প্রধান।