মগবাজার ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারের উপর মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ৭০ -এর আশপাশে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ওই নারীকে একজন পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।