রাজধানীর কলাবাগানের পান্থপথ এলাকায় ভবন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
নিহত হামিদা রহমান (৬৭) ঝালকাঠি সদর রাজপাশা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। তিনি পান্থপথের গ্রিন রোড ইস্টার্ন প্রান্থছায়া ভবনের সাত তলায় পরিবারের সাথে থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জননী তিনি।
হামিদা রহমানের ছেলের শ্বশুর ড. মজিবুর রহমান জানান, দুই বছর আগে হামিদার স্বামী মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার দিন রাতে তিনি সবার অগোচরে জানালার গ্রিল খুলে কোমরে শাড়ি বেঁধে সাত তলা থেকে নিচে নামার চেষ্টা করেন। এসময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নার্গিস আক্তার ঝরা বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন- পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।