বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সিটি কর্পোরেশনের নামে অনুদানের কথা বলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতা নাইম তালুকদার নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ডিবির যুগ্ম কমিশনার মশিউর রহমান জানান, গ্রেপ্তার নাইম বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সাথে প্রতারণাসহ শিক্ষা অধিদপ্তর, হিন্দু কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংস্থার হয়ে নিরীহ মানুষদের সাথে প্রতারণা করে আসছিলো।
২০২৩ সালের ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজারের কয়েকশ’ দোকান। পথে বসেন হাজারো ব্যবসায়ী। ওই সময় সিটি কর্পোরেশনসহ নানা সংস্থা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে থাকে। সেই সুযোগ নেয় প্রতারক চক্র।
গ্রেপ্তার প্রতারক নাইম তালুকদার জানান, সরকারি সহায়তার নামে তিনি ব্যবসায়ীদের ফোন করতেন। ফোনে ব্যবসায়ীদের ব্যাংকের ডেভিট বা ক্রেডিট কার্ডের পিন ও পাসওয়ার্ড নিয়ে তাদের অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নিতো সে। পথে বসা ব্যবসায়ীদের আবারও সর্বস্বান্ত করতেন নাইম।
ডিবির যুগ্ম কমিশনার মশিউর জানান, সিটি কর্পোরেশনের কথা বলে নাইম তালুকদার প্রতারণা করতেন।
ডিবি কর্মকর্তা মশিউর রহমান জানান, শুধু বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদেরই নয় সরকারি বিভিন্ন সংস্থার বরাত দিয়ে শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ নানা পেশার মানুষের সাথে প্রতারণা করে আসছিলো চক্রটি। লোভীরাই এসব প্রতারকের ফাঁদে পা দেয় বলেও জানায় এই ডিবি কর্মকর্তা।
মশিউর রহমান জানান, প্রতারকরা ব্যাংকের ডেভিট-ক্রেডিট কার্ডের পাশাপাশি নগদ, বিকাশ, রকেটের মতো মাধ্যমগুলোও ব্যবহার করতেন প্রতারণার কাজে।
কাউকে টেলিফোনে নিজের ব্যাংকের তথ্য দেয়ার ক্ষেত্রে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান গোয়েন্দা কর্মকর্তারা।