তেজগাঁওয়ে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে একটি কারখানায় মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি মদিনা ওয়াশিং নামে কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কামরুল ইসলাম (১৮) কুড়িগ্রাম সদর উপজেলার ভোগাদাও গ্রামের মো. দুলালের ছেলে। তিনি বেগুনবাড়ি এলাকাতেই থাকতেন।

নিহতের সহকর্মী মো. মাসুম জানান, কামরুল মেশিন অপারেটর ছিলেন। দুপুরে কাজের সময় অসাবধানতাবশত মাথায় মেশিনের আঘাত লেগে গুরুতর আহত হয় তিনি।

সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।