রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আলাদা দুটি দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনাগুলো ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। 

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সানু মং মারমা বলেন, শুক্রবার বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পুরুষ (৫০) ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এদিকে একই দিন  বিকেলে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে অজ্ঞাত এক যুবক (৩০) ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে তিতুমীর কলেজের শিক্ষার্থী মাহফুজ  তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মাহফুজ জানান, লোকটি হয়তো ট্রেনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলেন। তার পড়নে নীল পাঞ্জাবি ও কালো প্যান্ট ছিল। সঙ্গে থাকা একটি ব্যাগেও একটি পাঞ্জাবি ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

এদিকে রাজধানীতে গত ১০ দিনে আটটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তার মধ্যে কুড়িল বিশ্বরোড, বনানী, ক্যান্টনমেন্ট, তেজগাঁও, কারওয়ান বাজার, মগবাজার এবং আশকোনায় ট্রেনের ধাক্কায় ৯ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ দুর্ঘটনা দুপুরে এবং সন্ধ্যায় হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও রেল সূত্রে জানা যায়, অধিকাংশ ব্যক্তিই রেললাইনের ওপর দিয়ে হাঁটার কারণে দুর্ঘটনার শিকার হয়েছের। আবার অনেকেই ট্রেন আসর সময়ে রেললাইন পারাপার হওয়ার সময়ে ট্রেনে কাটা পড়েছেন।