তিন যুগ আগে পারিবারিক দ্বন্দ্বে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা মামলার রায় পেছানো হয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় ২০ ফেব্রুয়ারি নতুন দিন ঠিক করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের রায় ঘোষণার কথা থাকলেও পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হয়।
১৯৮৯ সালের ২৫ জুলাই স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে সিদ্ধেশ্বরী রোডে আততায়ীর গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ।
ওই দিনই রমনা থানায় মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী। এ মামলার আসামিরা হলেন সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, সায়েদাতুল মাহমুদা শাহিন, মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা ও মন্টু মন্ডল।
সাক্ষ্য গ্রহণ এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৫ জানুয়ারি আলোচিত এ মামলাটির রায় ঘোষণর দিন ঠিক করা হয়।
রায়ে আসামিদের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। তবে অভিযোগ প্রমাণ করতে হয়নি- এমন দাবি তুলে আসামিদের খালাস প্রত্যাশা করছেন তাদের আইনজীবী।