রাজধানীর কদমতলীতে গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জুরাইনের ঋষিপাড়া এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বিনা রানী (৩৭), তার দুই দেবর বনমালী (২৬) ও তপু দাস (৩৬)।
দগ্ধ তপু দাস জানান, তারা ঋষিপাড়ার বাসিন্দা, সন্ধ্যায় দ্বিতীয় তলার বাসায় রান্নাঘরে বিনা রানী তরকারি রান্না করতে যায়। এসময় গামছায় লেগে আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। তখন বিনার চিৎকারে এগিয়ে গিয়ে তিনি ও বনমালী দগ্ধ হন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মাসুমা মুন্নী জানান, বিনা রানীর শরীরে ৫০ শতাংশ ও বনমালির শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তপু দাসের দুই হাত, মুখ মন্ডল ও শরীরের কিছু অংশ পুড়ছে। এ মুহূর্তে কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।