রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় একতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুছ মিয়া (৫০) বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের মো. মালেক মিয়ার ছেলে। তিনি হাজারীবাগের ঝাউচরে পরিবার নিয়ে ভাড়াবাসায় থাকতেন।
মৃতের চাচাতো ভাই মো. হোসাইন মিয়া জানান, তাদের ভবনটির এক তলার ছাদে আংশিক রুম ও আংশিক নির্মাণাধীন। সে অংশে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে অসাবধানতায় ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেলে এবং পরে রাত পৌনে ১০টার দিকে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।