গতিরোধকে বাইকের ধাক্কা, প্রাণ গেলো তিন বন্ধুর

রাজধানীতে রাস্তার গতিরোধের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাতে থাকা চালকসহ তিন তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণখানের আশকোনার আসিয়ান সিটিতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জোনায়েদ, রবিউল ও ওমর ফারুক। সবার বয়স আনুমানিক ২০। তাদের মধ্যে ওমর ফারুক স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেলেও বাকি দুই জনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

ঢামেক হাসপাতালে মৃত ওমর ফারুকের  চাচা বাহার উদ্দিন বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তার (ওমর) বাবা ছেলেকে দেখতে গিয়েছিল। সেখানে ছেলে  মোটরসাইকেল নিয়ে  দুই বন্ধু সহ চালাতে বের হয়ে। আসিয়ান সিটি এলাকায় স্পিড ব্রেকারের সঙ্গে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। 

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থলে জোনায়েদ মারা যায়। বাকি দুই জনকে  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিউলের মৃত্যু হয়। এছাড়া ওমর ফারুককে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।