নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন (৩০) নওগাঁ জেলার শাপাহাড় উপজেলা কামাচপুর গ্রামের চাল ব্যবসায়ী মো. আনারুল হকের ছেলে। তিনি কামরাঙ্গীরচরের বালুর মাঠ এলাকায় থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

দুর্ঘটনার পর কবিরকে হাসপাতালে নিয়ে আসা ঠিকাদার মুক্তার জানান, দুপুরে নির্মাণাধীন ভবনের সাততলায় কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যান তিনি। তখন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।