গুলশানের সেই বাড়ি আপাতত সালাম মুর্শেদীর দখলে থাকছে

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি তিন মাসের মধ্যে ছাড়তে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আট সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত।

রোববার চেম্বার আদালতের বিচারপতি মো. আশফাকুল ইসলামের একক বেঞ্চ রোববার এ আদেশ দেন। ফলে সালাম মুর্শেদীর বাড়ি এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।

গত ১৯ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের ওই বাড়িটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

গত ৩ মার্চ বাড়ি নিয়ে করা রিটের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন আদালত।

এর আগে সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তি’ দাবি করে তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছিলেন আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

গত ১৭ জানুয়ারি গুলশানের ওই বাড়ি নিয়ে অনুসন্ধান প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি দাখিলের জন্য দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। তার আগে সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করে দুর্নীতি দমন (দুদক)।