রাজধানীর বকশিবাজার মোড়ে ঠিকানা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কার ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) রিপোর্টার তোফাজ্জল হোসাইন (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বকশিবাজার মোড়ের ফজলে রাব্বি হলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তোফাজ্জলকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে তোফাজ্জলকে নিয়ে আসা বাসযাত্রী মুশফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জগামী ঠিকানা পরিবহনে আমি বকশিবাজার থেকে উঠি। যাত্রীবাহী বাসটি বকশিবাজার হয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলো, সে সময় ফজলে রাব্বি হলের সামনে চলন্ত বাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে পেছনে সিটে বসা ওই যাত্রী গ্লাস ভেঙে গুরুতর আঘাত পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ছয়টা ঢাকা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চকবাজার থানায় অবগত করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের সঙ্গে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় জানা যায়। তার নাম তোফাজ্জল হোসাইন। বাবার নাম আব্দুল বাতেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।