ফুটপাত থেকে শপিংমলে জমজমাট ঈদের কেনাকাটা

শুক্রবার ছুটির দিনে রাজধানীর ফুটপাত থেকে শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ ঘনিয়ে আসায়, ছুটির দিনে পরিবার নিয়ে কেনাকাটা সেরেছেন কর্মজীবীরা। ক্রেতারা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবার ঈদের পোশাকের দাম অনেক বেশি। চাহিদার বিপরীতে অল্প কেনাকাটা করেই বাড়ি ফিরছেন অনেকে। 

ছুটির দিনের সকালে ক্রেতা উপস্থিতি তেমন একটা না থাকলেও, দুপুরের পর ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর ফুটপাতের ঈদ বাজার। মিরপুর এক নম্বরে ফুটপাতের দোকানগুলোতে দেখা যায় পরিবার নিয়ে আশপাশের অনেক এলাকা থেকেও কেনাকাটা করতে আসছেন ক্রেতারা। 

তারা জানান, শখ ও সাধ্যের মধ্যে যতটা সম্ভব মিল ঘটাতেই তাদের প্রথম পছন্দ ফুটপাতের বাজার। এসব দোকানে অনেক সাশ্রয়ী দামে পণ্য মেলে। বিক্রেতাদের দাবি ফুটপাতের দোকানে দাম তেমন বাড়েনি। বাজার খাদ্যপণ্যের দামেই নাজেহাল মানুষ। অনেকের হাতেই টাকা নেই। তাই ব্যবসাও তেমন ভালো না। 

ফুটপাতের মধ্যে ভিড় বেড়েছে ব্র্যান্ডের দোকানগুলোতেও। কিন্তু সেখানেও দাম বেশির অনুযোগ ক্রেতাদের। ভিড় ছিলো পাঞ্জাবির দোকানেও। বৈশাখ আর ঈদ মিলিয়ে বাজারে নানা স্টাইলের পাঞ্জাবির ছড়াছড়ি। দাম একটু বেশি হলেও ক্রেতাদের পছন্দ ভালো মানের পাঞ্জাবি। 

ক্রেতার চাহিদা অনুযায়ী নিত্যনতুন পোশাকের সম্ভার মেলে ধরেছে রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউজগুলোও। উৎসবের সময় যত ঘনিয়ে আসছে, ক্রেতায় জমে উঠছে এইসব ফ্যাশন হাউজ। সেইলরসহ কয়েকটি দেশীয় ফ্যাশন হাউজ ঘুরে দেখা যায়, ঈদ আনন্দের সঙ্গে এবার বাড়তি আমেজ যোগ করেছে পহেলা বৈশাখ।