রাজধানীর ঢাকা শিশু হাসপাতালের আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করেছে। তবে ওই আগুনে কোনো রোগীসহ কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দুইটা ৩৯ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এর আগে দুপুর একটা ৩৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
সরেজমিন, হাসপাতালটির কার্ডিয়াক ইউনিটের আইসিইউতে আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক রোগীদের সরিয়ে নেয়। রোগীর রেজিস্টারে সাত জন রোগী নাম দেখা গেছে। তবে তারা সবাই নিরাপদে আছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানায়, আগুন লাগার পর আইসিইউতে থাকা রোগীদের দ্রুত এনআইসিইউসহ বিভিন্ন নিরাপদ ও লাইফ সাপোর্ট থাকা স্থানে সরিয়ে নেওয়া হয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে তাৎক্ষণিক কথা বলেনি। আগুনে নিভে যাওয়ার পর পুড়ে যাওয়া চিকিৎসা সরঞ্জামগুলো নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্টদের সরিয়ে নিতে দেখা গেছে।
পরে হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাত শিশুকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ওই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।