রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল ওয়াদুদ (৫৮) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সাথে মালিবাগের পশ্চিম হাজী পাড়ায় থাকতেন।

নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, তারা বাবা একটি ডেভেলপার কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে মালিবাগ এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।