রাজধানীর উত্তরায় লেকে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকার একটি লেকে গোসল করতে নেমে ডুবে তারা মারা যায়।
নিহত ওই দুই স্কুলছাত্র মো. আশরাফ ও তামিম মিরপুরের একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে আশরাফ ও তামিমসহ মোট পাঁচজন স্কুলছাত্র দিয়াবাড়ির ১০ নম্বর ব্রিজের কাছে গোসল করতে লেকে নেমেছিল। এক পর্যায়ে দুইজন ডুবে যায়। অন্য তিন বন্ধু তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে তিনটার দিকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, দুই স্কুলছাত্রের ডুবে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।