জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এনএসআইয়ে চাকুরী দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেয়ার সাথে জড়িত এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে গাজীপুর ডিবি পুলিশ।
সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
তিনি জানান, এই চক্রের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করে এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্য ও ২ ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নীলফামারী জেলার লিয়ন ইসলাম (২৪) নামের এক ব্যক্তি এ প্রতারণার নেতৃত্ব দেয়।
সোমবার দুপুরে এনএসআই ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর ৫২ নং ওয়ার্ডের ভাদাম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে প্রতারক চক্রের ৫ সদস্য এবং ২ ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সিম কার্ড, আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, স্টিলের লাঠি ও ইলেক্ট্রিক শকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লিয়ন স্বীকার করেছে, সে এনএসআইয়ের পরিচয়ে জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি প্রার্থী প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১৫ লক্ষ করে টাকা নিতো তারা।
প্রতারক চক্রটির সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।