ফতুল্লায় চলন্ত ট্রেন থেকে পড়ে একজন নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ এর আশপাশে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এসময় তার পরনে ছিল কালো গেঞ্জি ও  কফি রঙের টাউজার।

ট্রেন থেকে পড়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমরাজ আহসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রেনের  ইঞ্জিনের ওপর বসে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎই তিনি সেখান থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।