প্রায় ৬০০ কোটি টাকার সার আত্মসাতের মামলায় নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
বুধবার সকালে পোটনকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। তবে আদেশের পরই বিকেলে তা স্থগিত করলেন চেম্বার আদালত।
সার কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পোটনসহ কয়েকজনের নামে ২০২৩ সালের ২৬ নভেম্বর মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করেন।
তারা ৫৮১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকায় ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজির চুক্তি করা সার গুদামে না দিয়ে আত্মসাৎ করেন।
কামরুল আশরাফ খানের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের ৫০ দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেওয়া কথা ছিল। সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) মিথ্যা তথ্য দেওয়া হয়।
কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন– পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন (নিপু) ও মো. নাজমুল আলম (বাদল), পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং প্রতিনিধি (খুলনা ও নওয়াপাড়া) মো. আতাউর রহমান।
গত ১৫ মে সার আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান ওরফে পোটনসহ পাঁচ জন আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।