রাজধানীতে দরজা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনের রূপায়ন তাজ টাওয়ারের একটি ভবন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ওই ভবনেরই একটি অফিসে পিয়নের চাকরি করতেন।

বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ দুটো উদ্ধার করে।

নিহতরা হলেন, মো. ইমন (২৩) ও ফরহাদ (২১)। তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। ইমনের বাবার নাম নুর ইসলাম। আর ফরহাদের বাবা মো. জলিল।

নিহত ইমনের বোন জানান, তিনি ঈদের দিন তার ভাইয়ের জন্য মাংস রান্না করে দিয়েছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদের ছুটিতে কেউ না থাকায় দরজা বন্ধ করে ওই দুইজন অ্যালকোহল পান করছিলেন।

পল্টন থানার এসআই রাম কানাই সরকার জানান, মরদেহ উদ্ধারের সময় দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। এসি চলছিলো। দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশে জানালে সিআইডি ক্রাইম ইউনিটকে খবর দেয়া হয়। এরপর নিহতের স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে দেহ দুটো উদ্ধার করা হয়।

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।