রাজধানীর কুড়িল বিশ্বরোড ও এর পাশে এলাকায় আলাদা দুর্ঘটনায় দুই যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তাদের মধ্যে একজন কানে ইয়ারফোন গুঁজে রেললাইনে হাঁটছিলেন এবং অন্যজন অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা গেছে।
রোববার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে আলাদা দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার দর্জিমহল বাবুল আহামেদ ও সৈয়দ উম্মে কুলসুম কলির ছেলে এম.এম তানজিম জয় (২৬) এবং সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহআলমের ছেলে মাহমুদুল হাসান (৩০)।
ঢাকা বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাহমুদুল হাসান ক্যান্টেমেন্ট রেল স্টেশনের অদূরে কুড়িল বিশ্বরোড এলাকায় কানে ইয়ারফোন লাগিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
মাহমুদুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। ছুটি শেষে ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলেও জানান তারা মিয়া।
অপরদিকে, একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে ক্যান্টেমেন্ট রেল স্টেশন ও কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন দিয়ে অসর্তকভাবে হেঁটে যাওয়ার সময়ে বলাকা কমিউটার ট্রেনে নিচে কাটা পড়ে মারা যান এমএম তানজিম জয়।
পুলিশ কর্মকর্তা তারা মিয়া বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে তাদের এনআইডি ও স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় থানায় আলাদা দুটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।