রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কা

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সড়ক অবরোধ এবং সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় দুপুরের পর তীব্র যানজট হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

রোববার সকালে ট্রাফিক নির্দেশনা নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান। 

যানজটের আশঙ্কায় নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সড়কে বের হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মেহেদী হাসান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে পুরান ঢাকার বেশ কিছু এলাকায় দুপুরের পর তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, রথযাত্রার শোভাযাত্রাটি আজ দুপুর তিনটায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, সরকারি কর্মচারী হাসপাতাল, হাই কোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে। 

এ পরিস্থিতি নগরবাসীদের উল্লেখিত সড়কগুলোতে সময় হাতে নিয়ে বের হতে ও বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এসময় ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান, ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।