রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নানি ও নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আলেয়া বেগম (৫০) ও তার নাতি মারুফ (১৮)।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক রশিদ আলি (২৭) শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
মৃত আলেয়ার মেয়ের জামাই রুবেল বলেন, রাতে শাশুড়ি-নাতি নিয়ে মোটরসাইকেলে ডেমরায় এক আত্মীয়র বাসায় বেড়ানোর উদ্দেশ্যে মিরপুর ভাষানটেকের বাসা থেকে বের হন। পথে হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনজনই পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তিনজনকে উদ্ধার করে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মাহমুদা রহমান বলেন, মৃতদেহ দুটি পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার ট্রাকটি জব্দ রয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে।
মোটরসাইকেল চালক রশিদ আলি শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।