কোটা আন্দোলন: মারা গেলেন গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। 

গেলো ১৯ জুলাই দুপুরে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিলেন শাহ্‌ আলম। ফেরার সময় রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়েন তিনি। এসময় পুলিশের ছোড়া গুলিতে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক এস আই গোলাম পারভেজ।

নিহত শাহ্‌ আলম কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের রেনু মিয়ার ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক আলম রামপুরা ওয়াপদা রোডে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।