মেট্রোরেল আবার কবে চলবে, জানালেন উপদেষ্টা

আগামী সাতদিনের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রথমদিন অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। 

তিনি বলেন, দ্রুততম সময়ে মেট্রো চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে।

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রোরেল চালু করার কথা ছিল। তবে সেটা হয়নি। 

মূলত কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রোরেল চালু করা যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়। 

এর আগে গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তার কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়।

১৯ জুলাই হামলা ও ভাঙচুর চালানো হয় কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে।  ক্ষতিগ্রস্ত ওই দুটি স্টেশন আপাতত বন্ধ রেখে মেট্রো চালানো হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়।