আদাবরে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার নিহত সোহেলের ভাই ইব্রাহীম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন। পরে আদালত বাদির জবানবন্দি নিয়ে আদাবর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

বাদির আইনজীবী সাংবাদিকদের জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রমুখ।

মামলায় বাদি উল্লেখ করেন, দেশব্যাপী কোটা আন্দোলনের সময় আদাবর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলছিল। সে সময় স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্য সন্ত্রাসীরা তথা আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। ভিকটিমসহ ঘটনাস্থলে আসামিদের গুলিতে একাধিক নিহত ও অনেকেই আহত হন। এসময় গুলিবিদ্ধ হলে ভিকটিম সোহেল রানাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার অন্তত ১৫টি মামলা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১২টি হত্যা, একটি গণহত্যা, একটি অপহরণ ও একটি হত্যাচেষ্টা মামলা।