বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আবারও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক সাবেক মন্ত্রী মেননকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষ ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। ২৩ আগস্ট রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। এই ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।