রিমান্ড শেষে জ্যোতি ও ফরহাদ কারাগারে

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর রাজধানীর আদাবর থানার পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান।

অন্যদিকে ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত।

বৃহস্পতিবার চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া জ্যোতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী গুলশান এলাকা থেকে সাফি মোদ্দাসের খান জ্যোতিকেকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৪ সেপ্টেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর আসামি জ্যোতি।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিবরণী থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরের হক সাহেবের গ্যারেজ এলাকায় নিহত হয় পোশাকশ্রমিক রুবেল। এ ঘটনায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

এরপর গত ১৫ সেপ্টেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৪ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।