নেশার টাকা না দেয়ায় ভাইকে খুন

রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে নেশার টাকা না দেয়ায় মশিউর রহমান ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তি তার ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির পাশে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ভাইয়ের নাম শেখ ফরিদ হোসেন ভূঁইয়া ওরফে বাবু (৩০)। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও পরে আটক হন।

জানা গেছে, চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় মশিউর। নিজেদের বাড়ির ভাড়া তুলে জীবন নির্বাহ করতেন। শেখ ফরিদ ছিলেন সবার ছোট। তাদের বাবার নাম মৃত নুরুল ইসলাম ভূঁইয়া।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় ছিলো। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শেখ ফরিদ হোসেন ভূঁইয়া ওরফে বাবু দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। নেশার টাকা যোগাড় করার জন্য প্রায় সময় বাসায় ভাঙচুর করে থাকে। সোমবার সন্ধ্যায় শেখ ফরিদ নেশা করার জন্য টাকা চাইলে বড় ভাই মশিউর রহমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে মশিউর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।