বাংলাদেশের প্রকাশনা জগতের কিংবদন্তি প্রকাশক ও অবসর প্রকাশনীর কর্ণধার আলমগীর রহমান মারা গেছেন৷ তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন৷ তার বয়স হয়েছিলো ৮৫ বছর৷
শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
তার ছেলে নূর-ই- মুনতাকিন আলমগীর বলেন, বাবা সকালের দিকে বাসাতেই অচেতন হয়ে যান৷ বেলা ১১টার দিকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে আসি৷ তখন কর্তব্যরত চিকিৎসক জানান, বাবা বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাবার মরদেহ এখনও ল্যাব এইড হাসপাতালে আছে৷
সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিকতা জীবন থেকে অবসর নিয়ে ১৯৮৫ সালে আলমগীর রহমান অবসর প্রকাশনী শুরু করেন৷ শুরুতে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বইয়ের অনুবাদগুলো তিনি পেপার ব্যাকে প্রকাশ করেন৷ অবসর থেকে প্রকাশিত প্রথম উপন্যাস হুমায়ূন আহমেদের 'দেবী'। এরপর এ প্রকাশনা সংস্থা থেকে হাজারের বেশি বই প্রকাশিত হয়েছে৷ সাহিত্যের সব শাখার বই অবসর প্রকাশ করেছে৷
কয়েক বছর আগে আলমগীর রহমান তার ছেলে প্রতীকের নামেও একটি প্রকাশনা প্রতিষ্ঠান খুলেছেন৷ তার পৈতৃক ব্যবসাও প্রকাশনা৷ বাংলাদেশ বুক করপোরেশন নামে সেই প্রকাশনী থেকে বিভিন্ন পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছে নানা সময়ে৷
বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির উপদেষ্টা ওসমান গণি বলেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন আলমগীর রহমান৷ তার প্রকাশিত বইগুলোতে সবসময় পরিচ্ছন্নতার ছাপ দেখতে পাই৷ শেষ বয়সে শারীরিক অসুস্থতার কারণে তিনি বইমেলা বা পুস্তক প্রকাশক সমিতির সভায় আসতে না পারলেও ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন৷