বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-১০ নাম্বারে শামিম হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রূপনগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গফুর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে একটি শর্ট গান এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান।
তিনি জানান, ছাত্র আন্দোলন ঘিরে মিরপুরে সবচেয়ে বেশি মামলা হয়েছে। মামলা পর্যালোচনা করে অভিযান চলছে। একই সাথে আসামিরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।
পল্লবী থানাধীন মিরপুর-১০ বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রধান সড়কে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়। ওই হামলায় ইমন হোসেন আকাশ নিহত হন।
এ ঘটনায় ভিকটিমের মা পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার গফুর মোল্লা ওই মামলায় এজাহারভুক্ত আসামি।
গফুর মোল্লাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।