পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার

পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

এনামুল হক পল্টন থানা, যাত্রাবাড়ী থানা ও রমনা মডেল থানার পৃথক তিন মামলার এজাহারনামীয় আসামি।

তাকে আদালতে সোপর্দ করা হবে জানিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।