নতুন মামলায় হাজী সেলিম-মানিক-সৈকত গ্রেপ্তার

চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

সোমবার সকালে তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে আদালতে শুনানি হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে তাদের নতুন করে এ মামলায় গ্রেপ্তার আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালানস্থ কাজল প্লাস্টিক কারখানায় কাজ করতো। ৫ আগস্ট দুপুরে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। মিছিলটি চানখাঁরপুল পৌঁছলে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় রাকিব। তাকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হাজী সেলিম, সৈকত ও মানিক এজাহারনামীয় আসামি।

গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানী থেকে হাজী সেলিমকে আটক করা হয়। পরের দিন ২ সেপ্টেম্বর আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় পরদিন তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া হাবিবুর রহমান মানিককে গত ২২ আগস্ট রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। আজিমপুরে কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে হত্যার মামলায় পরের দিন ২৩ আগস্ট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।