চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে দ্রুত প্রজ্ঞাপনের দাবি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে চাকরিপ্রার্থীরা দেশের বিভিন্ন জায়গায় থেকে জড়ো হতে থাকেন।

যদিও দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন ভবনে এ সক্রান্ত গঠিত সুপারিশ কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরি জানিয়েছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে ৩৫ বছর ও মেয়েদের ৩৭ বছর করার জন্য প্রস্তাব করেছে এ সংক্রান্ত গ‌ঠিত সুপা‌রিশ ক‌মি‌টি।

তবে অবসরের বয়সের বিষয়ে কোন সুপারিশ করা হয়নি। এরই ধারাবাহিকতায় চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়কের দায়িত্বে থাকা ইবনে আহমেদ তানজীর বলেন, বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আজ এখানে অবস্থান করার কারণ আমাদের প্রজ্ঞাপন বিলম্ব না করে দ্রুত জারি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না দেবে, আমরা মাঠ ছাড়বো না।