জামিন নামঞ্জুর, কারাগারে শমসের মবিন চৌধুরী

রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

এসময় শমসের মবিনের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। 

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। 

বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা-কর্মী আহত হন। যুবদল নেতা শামীম এই ঘটনায় মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।