ডিএমপির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেনেড-বিস্ফোরক ধ্বংস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী, বিমানবন্দর, রূপনগর ও শাহজাহানপুর থানা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

এছাড়া সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত একটি গ্রেনেড ধ্বংস করেছে ও যশোরে ২ কেজি বিস্ফোরক জাতীয় পদার্থ নিষ্ক্রিয় করেছে।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে ওয়ারী থানার টিপু সুলতান রোডের চামু ডেন্টাল মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারের ১১১ রাউন্ড তাজা গুলি, দুইটি লং রেঞ্জ টিয়ার গ্যাস শেল ও ৬ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানা সূত্র জানায়, সোমবার বিকেল চারটার পর বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পূর্ব পাশের বাবুস সালাম মসজিদের পাশের ময়লার স্তুপ থেকে ১৩ রাউন্ড সীসা ও ৪ রাউন্ড রাবার কার্টুজ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম।

রূপনগর থানা পুলিশ জানায়, মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ঝিলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেলের একটি অংশ উদ্ধার করে তারা। পরবর্তীতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ অস্ত্রাগার সূত্রে জানা যায়, উদ্ধারকৃত চায়না রাইফেলটি মিরপুর মডেল থানার লুট হওয়া রাইফেল।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে রোববার দুপুরে রাজারবাগ-মালিবাগ ফ্লাইওভারের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।

ডিএমপির সিটিটিসি ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার আরশি নগর রিসোর্টের পাশে একটি শক্তিশালী পুরোনো আর্জেস গ্রেনেড পাওয়ার সংবাদ পেয়ে স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম্ব ডিসপোজাল টিম কর্তৃক সেটি সফলতার সাথে ধ্বংস করা হয়।

এছাড়া সোমবার যশোর জেলার মনিরামপুর থানা কর্তৃক জব্দকৃত প্রায় ২ কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক জাতীয় পদার্থ আদালতের নির্দেশে যশোর পুলিশ লাইনস মাঠে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদে নিষ্ক্রিয় করে।