বাড্ডায় পেশাদার ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থেকে পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উত্তর বাড্ডার হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, একটি ছুরি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. পারভেজ (২৯)।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার হাজিপাড়া পানির পাম্পের পশ্চিম পাশের বালুর মাঠে কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পারভেজকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার পারভেজ এবং পলাতক মো. শফিক হাওলাদার (২৯) ও ফয়সালের (২৩) বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার পারভেজ পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছিলো। গ্রেপ্তারের সময় সে এবং আরো দুই সদস্য ওই জায়গায় সমবেত হয়ে উত্তর বাড্ডাসহ আশেপাশের এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বাড্ডা, ভাটারা ও গুলশান থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির চেষ্টা ও হত্যা চেষ্টার ১২টি মামলা আছে। তাকে বাড্ডা থানার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।